সিলেট টেস্ট

দিনের শেষ বলে আউট মুমিনুল, দেড়শ রানের লিডে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
দিনের শেষ বলে আউট মুমিনুল, দেড়শ রানের লিডে বাংলাদেশ

সিলেট টেস্টে ব্যাটিংয়ে আবারও ধীর শুরু করলেও দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দিয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ মুহূর্তে মুমিনুল হকের উইকেট হারিয়ে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে ১৫৬ রানের লিডে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (১৭ মে) পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করার পর ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আঘাত হানে সফরকারীরা। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ফিরেন অল্প রানে।

তবে এক প্রান্তে দৃঢ়তা দেখান মাহমুদুল হাসান জয়। ওয়ানডে ধাঁচে ব্যাটিং করে তুলে নেন দারুণ এক অর্ধশতক। মুমিনুল হকের সঙ্গে গড়ে তোলেন ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৬৪ বলে ৫২ রান করে দশটি চারসহ সাজঘরে ফেরেন জয়।

এরপর ইনিংসের হাল ধরেন মুমিনুল ও অধিনায়ক শান্ত। তবে দিনের শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয় ঘটে। মাত্র ৩ বল বাকি থাকতে ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল। এরপর আম্পায়াররা স্টাম্পস ঘোষণা করলে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে এখনো অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৩২ বলে ১৩ রানে।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যায়। বাবর আজমের ৬৮ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে সাজিদ খানের ৩৮ রানের অবদানেও বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম—দুজনেই নেন ৩টি করে উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পান ২টি করে উইকেট।