দিনের আলোয় আমিরাতের আকাশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
দিনের আলোয় আমিরাতের আকাশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে দিনের আলোতেই জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-সংশ্লিষ্ট আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে নতুন চাঁদের ছবি ধারণ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং তখন চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ অর্ধচন্দ্রটির ছবি ধারণ করেন। এ কাজে তাকে সহায়তা করেন মানমন্দির দলের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা গেলে আগামী সোমবার (১৮ মে) থেকে এসব দেশে জিলহজ মাস শুরু হতে পারে।

অন্যদিকে প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে, শনিবার (১৬ মে) ছিল জিলকদ মাসের ২৯ তারিখ। এছাড়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী তুরস্ক আগেই ঘোষণা দিয়েছে, আগামী সোমবার (১৮ মে) দেশটিতে জিলহজ মাস শুরু হবে।