তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে আরও মিলবে ৪০ হাজার রুপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে আরও মিলবে ৪০ হাজার রুপি

একসময় পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের পক্ষে প্রচার চালালেও এবার ভিন্ন অবস্থান নিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। রাজ্যে জন্মহার কমে যাওয়ার প্রেক্ষাপটে তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান জন্ম নিলে ৪০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, আগে ছোট পরিবারকে উৎসাহ দেওয়া হলেও এখন সময়ের চাহিদা বদলেছে। শিশুদের ভবিষ্যৎকে মানবসম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম বাড়াতে সরকার এখন থেকে উৎসাহমূলক নীতি গ্রহণ করবে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আরও জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজ্যের মোট প্রজনন হার এখন ১.৫, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় স্তরের চেয়েও কম। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রবীণ জনগোষ্ঠীর হার বাড়বে এবং কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি দেখা দিতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলোতে জনসংখ্যা হ্রাসজনিত যে সংকট দেখা দিয়েছে, অন্ধ্রপ্রদেশ যেন সেই অবস্থায় না পড়ে, সে কারণেই এখন বড় পরিবারকে উৎসাহ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দুইয়ের বেশি সন্তান থাকলে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগে থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর বার্তা দেওয়া এই নেতা এখন বলছেন, ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক ভারসাম্যের জন্য জনসংখ্যা বৃদ্ধি জরুরি। সরকারের এই নতুন নীতি ইতোমধ্যে রাজ্যের সামাজিক ও নীতিনির্ধারণী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।