তাসকিনের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাকফুটে পাকিস্তান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
তাসকিনের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাকফুটে পাকিস্তান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দারুণ ছন্দে মাঠ কাঁপাচ্ছে বাংলাদেশ। ডানহাতি পেসার তাসকিন আহমেদ-এর গতি ও সুইংয়ে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তানের টপ অর্ডার। দিনের শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে সফরকারীদের বড় চাপে ফেলে দিয়েছেন এই টাইগার পেসার।

দ্বিতীয় দিনের খেলা শুরুর পরপরই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। আগের দিনের ২১ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজল ৯ রান করে তাসকিনের বলে উইকেটের পেছনে দারুণ ক্যাচ দেন লিটন কুমার দাস-এর হাতে। ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বলটি বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন লিটন।

প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই আবারও পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আঘাত করেন তাসকিন। এবার তার শিকার প্রথম টেস্টেই সেঞ্চুরি করা তরুণ ব্যাটার আজান আওয়াইজ। আগের দিন আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দিলেও দ্বিতীয় দিনে ২৪ বলে ১৩ রান করে মুমিনুল হক-এর হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ক্রিজে তখন দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম

এর আগে প্রথম দিনের শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তারা তখনও ২৫৫ রানে পিছিয়ে ছিল।

বাংলাদেশের প্রথম ইনিংসে বড় অবদান রাখেন লিটন কুমার দাস। দল যখন ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে, তখন একাই প্রতিরোধ গড়ে তোলেন এই উইকেটকিপার-ব্যাটার। ১৬টি চার ও ২টি ছক্কায় ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক এবং পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি। লিটনের লড়াকু ইনিংসেই বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ২৬, নাজমুল হোসেন শান্ত ২৯, মুমিনুল ২২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন।