জামিনে মুক্ত ৫ হত্যা মামলার আসামি আ.লীগ নেতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
জামিনে মুক্ত ৫ হত্যা মামলার আসামি আ.লীগ নেতা

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার (১৭ মে) বিকেল ৩টার দিকে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। মুক্তিপ্রাপ্ত সৈয়দ আহম্মদ পাটওয়ারী লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী (জুলাই) আন্দোলনে ৫ জন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা, পুলিশের ওপর হামলা এবং রামগঞ্জ থানা ভাঙচুরসহ একাধিক মামলায় তিনি আসামি ছিলেন। এসব মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, থানা ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে রামগঞ্জের একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে (পি ডব্লিউ) উল্লেখ করা হয় এবং আদালত থেকে তাকে আটক রাখার কোনো নির্দেশনা না থাকায় তিনি মুক্তি পান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় সংঘটিত সহিংসতায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতদের স্বজনরা পৃথক মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়, যেখানে সৈয়দ আহম্মদ পাটওয়ারীর নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ রয়েছে। তার মুক্তিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা গেছে।