চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী


শিমুল রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী

কোনো ধরনের সুপারিশ, তদবির বা অনিয়ম ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে চুয়াডাঙ্গা-য় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে ২১ জন তরুণ-তরুণী মনোনীত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ২০ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী রয়েছেন। সরকারি ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচ করেই তারা বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মোহাম্মদ রুহুল কবীর খান। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের মতো একটি গর্বিত বাহিনীর সদস্য হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সকাল ৮টা থেকে নিয়োগ কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স মাঠে চাকরিপ্রার্থীদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি), কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ধাপ শেষে গত ৪ মে লিখিত পরীক্ষায় মোট ২৩৯ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। পরে ১৭ মে সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৪৩ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সব ধাপ শেষে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখে ২০ জন পুরুষ ও ১ জন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্বাচিত ২১ জনকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।

জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই স্থানীয় ডিস চ্যানেল, সংবাদপত্র, মাইকিং ও ফেসবুক পেজের মাধ্যমে চাকরিপ্রার্থীদের দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করা হয়। পুলিশ সুপারের কঠোর তদারকি ও স্বচ্ছ প্রক্রিয়ার কারণে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তানরা মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়ার সুযোগ পেয়েছেন।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, মো. মোসফেকুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।