‘গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
‘গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না’

মনগড়া তথ্যের ভিত্তিতে টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচারসংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টনের প্রচলিত ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে মিলছে না। তাই একটি নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর পরিমাপ ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, সীমিত নমুনার ওপর ভিত্তি করে দেশের কোটি দর্শকের টেলিভিশন দেখার প্রবণতা নির্ধারণ করা এবং অনুমাননির্ভর ছাপা সংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টন করা গ্রহণযোগ্য নয়।

তথ্যমন্ত্রী জানান, আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের প্রকৃত দর্শকসংখ্যা এবং পত্রিকার সঠিক ছাপার পরিসংখ্যান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপনসহ বিভিন্ন সুবিধা বণ্টন করা হবে।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং চালু হলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবভিত্তিক ও কার্যকর হবে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।