ওমরাহ ভিসা কবে চালু হবে, জানাল সৌদি আরব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
ওমরাহ ভিসা কবে চালু হবে, জানাল সৌদি আরব

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ক্যালেন্ডারে হজ ও ওমরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সূচি, ওমরাহ ভিসা পুনরায় চালুর তারিখ এবং যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের নির্ধারিত সময় উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র যুলহিজ্জাহ বা জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে। একই দিন থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমতিও দেওয়া হবে। এছাড়া আগামী ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট ইস্যুর কার্যক্রম আবার চালু হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মৌসুমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ ভিসা দেওয়া হবে। ভিসাপ্রাপ্ত যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় আগত সব যাত্রীকে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে বলে ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হজ ও ওমরাহ সেবাকে আরও আধুনিক ও সমন্বিত করতে এরই মধ্যে বেশ কিছু ডিজিটাল কার্যক্রম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা কার্যক্রম শুরু হয় এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন করা হয়।

এরপর ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন চুক্তিভিত্তিক সেবা—বিশেষ করে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবার জন্য ইলেকট্রনিক পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।