এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা এখনো বাঁচিয়ে রাখল পেপ গার্দিওলার দল।

শনিবার (১৬ মে) লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচে একমাত্র গোলটি আসে নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতে, যা শেষ পর্যন্ত শিরোপার ভাগ্য নির্ধারণ করে দেয়।

এর আগে চলতি মৌসুমে গত মার্চে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। চেলসিকে হারিয়ে তারা এই মৌসুমে দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত করল। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শিরোপা লড়াই চলছে আর্সেনালের সঙ্গে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্টের হওয়ায় লিগ শিরোপার লড়াই এখন উত্তেজনার চূড়ায়। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে হলে সিটিকে বাকি দুই ম্যাচ জিততে হবে এবং একই সঙ্গে আর্সেনালের পয়েন্ট হারানোর অপেক্ষা করতে হবে।

এর আগে এফএ কাপে টানা দুই ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে হতাশা পেয়েছিল সিটি। তবে এবার আর কোনো ভুল করেনি তারা। চেলসিকে হারিয়ে ক্লাব ইতিহাসের অষ্টম এফএ কাপ ট্রফি ঘরে তোলে দলটি। এই জয়ের মাধ্যমে কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির হয়ে তার ২০তম শিরোপা অর্জন করলেন, যার মধ্যে এফএ কাপ রয়েছে তিনটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলে সিটিকে দীর্ঘ সময় আটকে রাখে চেলসি। ২৭ মিনিটে আর্লিং হালান্ড গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগে হালান্ডের আরেকটি সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন চেলসির গোলরক্ষক।

শেষ পর্যন্ত ম্যাচের ৭২ মিনিটে ডেডলক ভাঙে সিটি। বার্নার্ডো সিলভার পাস থেকে আক্রমণ শুরু হয়, বল পেয়ে লেভি কলউইলকে পাশ কাটিয়ে দারুণ নিয়ন্ত্রণে শট নেন সেমেনিও। তার নিখুঁত কোনাকুনি শটে চেলসি গোলরক্ষক পরাস্ত হন এবং সিটি এগিয়ে যায়। গোল হজমের পাঁচ মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ পায় চেলসি। তবে এনজো ফার্নান্দেজের কাছ থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং ম্যানচেস্টার সিটি শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই জয়ের পর এখন সিটির পুরো মনোযোগ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে। আগামী মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে মাঠে নামবে। লিগ শিরোপার এই উত্তেজনাপূর্ণ লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।