এক সেশনেই ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
এক সেশনেই ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিন ২৭৮ রানে অলআউট হয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলে স্বস্তিতে দিন শেষ করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের সকালের সেশনেই দারুণভাবে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক সেশনেই পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। আগের দিনের স্কোরে মাত্র ১ রান যোগ হতেই ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। লিটন দাসের দারুণ ক্যাচে ৯ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর দলীয় স্কোরে আর মাত্র ১ রান যোগ হতেই আরেক ওপেনার আজান আওয়াইজকে (১৩) বিদায় করেন তাসকিন। তার শিকার হওয়া দুই ওপেনারের বিদায়ে মাত্র ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজনে মিলে ৩৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ সেই প্রতিরোধ ভেঙে দেন। দলীয় ৬১ রানে শান মাসুদকে (২১) ফিরিয়ে দেন তিনি। এরপর দ্রুতই সৌদ শাকিলকে (৮) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে পাকিস্তানকে আরও চাপে ফেলে দেন মিরাজ।

৭৯ রানে ৪ উইকেট হারানোর পর বাবর আজম ও সালমান আলী আগা সতর্ক ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত দলকে টেনে নেন। লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৯৬ রান। বাবর আজম ৩৭ এবং সালমান আলী আগা ৬ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের তুলনায় তখনও ১৮২ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের এটি দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে মিরপুরে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে সিলেট টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।