ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট। এদিন ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষণায় জানানো হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেয় বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র যাত্রার টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী কেবল একবার টিকিট কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ সামনে রেখে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।