
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন দাবি করেছেন মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের-এর এক প্রতিবেদনে স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে দুই দেশ সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলায় ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া ইরানের অভ্যন্তরে বিশেষ বাহিনী পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসরায়েলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে খুব কাছাকাছি ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার নিশ্চয়তা দেয়, তাহলে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনও রয়েছে।
সাম্প্রতিক এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :