আমাকে কেউ বাউন্সার দিলে ছাড় দেব না: নাহিদ রানা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
আমাকে কেউ বাউন্সার দিলে ছাড় দেব না: নাহিদ রানা

বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা বাউন্সার প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাকে কেউ বাউন্সার দিলে তাকে ছেড়ে কথা বলব না।”

সম্প্রতি মিরপুর টেস্টে ব্যাটিংয়ে নামার সময় পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি বারবার বাউন্সার দিয়ে নাহিদকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। তবে সিলেট টেস্টে সেই হিসাবই যেন সুদে-আসলে ফেরত দিলেন এই গতিতারকা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে শাহিনকে বাউন্সারে পরাস্ত করে উইকেট তুলে নেন নাহিদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিনি ৩টি উইকেট শিকার করেন। সমান ৩টি করে উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া তাসকিন আহমেদমেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

নাহিদের মতে, ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মূল টার্নিং পয়েন্ট ছিল লিটন দাস–এর দুর্দান্ত সেঞ্চুরি। তিনি বলেন, “লিটন দার হান্ড্রেড না হলে আমরা ব্যাকফুটেই থাকতাম। শেষ দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই ও শরিফুল ভাইয়ের ব্যাটিংও গুরুত্বপূর্ণ ছিল।”

প্রথম ইনিংসে লিটন ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ব্যাটেই বাংলাদেশ ২৭৮ রান তোলে। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। পরে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১১০ রান করেছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৫৬ রান।