
নওগাঁর আত্রাইয়ে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি) প্রকল্পের আওতায় “গ্রামীণ কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আত্রাইয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা।
মূল আলোচক হিসেবে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের কারিগরি দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট এ.এস.এম. আলভি রহমান।
প্রধান অতিথি বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক জিআইএস প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা গেলে গ্রামের মানুষের জীবনমান আরও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. নাজিমুদ্দিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। কর্মশালার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।
আপনার মতামত লিখুন :