
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৬ মে) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিমন্ত্রী নিজে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পুকুরে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন অংশে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় যশোর পৌর এলাকায় এই কর্মসূচি শুরু করা হলো।
তিনি আরও বলেন, “আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন যেন এই কার্যক্রম শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নিয়মিতভাবে চলমান থাকে। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :