মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের

পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশে এই কঠোর বার্তা দেন।

খবর এনডিটিভির। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, গত বছর সংঘটিত ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার সৃষ্টি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের জবাব দেবে। এর জবাবে সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের সমর্থন ও প্রশ্রয় দিতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালায়, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে।

তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে। এর আগে গত বছর সংঘটিত ‘অপারেশন সিন্দুর’ ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা ও সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পাহালগামে এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিদের বিরুদ্ধে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে বলে জানা যায়। ওই অভিযানের অংশ হিসেবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরসহ একাধিক স্থানে হামলা চালানো হয়। এরপর দুই দেশের মধ্যে টানা কয়েকদিন পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা চলে, যা পরবর্তীতে যুদ্ধবিরতির মাধ্যমে প্রশমিত হয়।

সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।