ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন-জিএসএ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক প্রভাষক মো. মামুনুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল গাইন।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য শ্রী সুকুমার চক্রবর্তী, মো. সুরাত আলী, বনানী দাশ, মো. জুলফিকার আলী, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাস্টার, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার ও ছাত্রনেতা মো. মাসুদুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হলেও ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তারা গঙ্গা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর দ্বিপাক্ষিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনা ধারণ করে পরিবেশ, নদী ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানিপ্রবাহ নিয়ন্ত্রণের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন। সেই লংমার্চে লাখো মানুষ অংশগ্রহণ করেছিলেন।