কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সফরের পথে তিনি সংক্ষিপ্ত এই পথসভায় অংশ নেন। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারে থাকলে জনগণের দেওয়া ওয়াদা পূরণে কাজ করে।

তিনি আরও বলেন, গত ১৬-১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি এবং সরকারের বিরুদ্ধে কথা বললে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা একসময় স্বৈরাচারের কবলে ছিলাম, সেখান থেকে জনগণ দেশকে রক্ষা করেছে। এখন সময় উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের।” তিনি বলেন, সরকার একা সবকিছু করতে পারবে না, জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। তার ভাষায়, অতীতে লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তাই উন্নয়ন কার্যক্রমে সময় লাগবে।

তারেক রহমান বলেন, জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি। জনগণের আস্থা ও সমর্থন থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এর আগে সকালে তিনি রাজধানীর বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি কুমিল্লা ও চাঁদপুরে একাধিক রাজনৈতিক ও উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন।