আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে দুই দেশের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা শুরু হয়। বৈঠকে লেবাননের পক্ষে অংশ নেন সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম, রাষ্ট্রদূত নাদা হামাদেহ মুআওয়াদ এবং সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

আলোচনায় যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরায়েলবিষয়ক দূত মিশেল ইসা এবং মাইক হাকাবি উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। গত ১৬ এপ্রিল সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দফায় বাড়ানো হয়।

তবে আন্তর্জাতিক উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে সংঘাত পুরোপুরি থামেনি। লেবাননের তেবনিন, হারুফ ও বেইত ইয়াহুনসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলার অভিযোগ রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন, রকেট ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ হাজার ৯৮৮ জন। চলমান উত্তেজনার মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।