
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাে অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল–রাজাপুর–কাকুরিয়া গ্রাম সংযোগকারী প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে গিয়ে ওইসব গ্রামের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। শুকনো মৌসুমে স্থানীয়দের উদ্যোগ ও জনপ্রতিনিধিদের সহায়তায় কোনোভাবে অটোরিকশা চলাচলের উপযোগী করা হলেও বর্ষা এলেই তা অকার্যকর হয়ে পড়ে।
দুবাজাইল গ্রামের বাসিন্দা মোঃ শহীদ উল্লাহ মাস্টার জানান, বর্ষায় সড়কটি পানিতে ডুবে গেলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াতসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয়রা আরও জানান, জরুরি চিকিৎসা সেবা নিতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় কাঁধে করে বা নৌকা/ভেলার মতো বিকল্প উপায়ে রোগী স্থানান্তর করতে হয়। শিক্ষার্থীদের স্কুল–কলেজে নিয়মিত যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত উঁচু করে টেকসইভাবে পাকা বা সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যাবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে গ্রামগুলো স্থায়ীভাবে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসে।
আপনার মতামত লিখুন :