সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী ছিলেন। তার মৃত্যুতে হজযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জন মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হবে। ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।