সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা আর নেই


টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা আর নেই

মিজানুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

গত শুক্রবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তাঁর মেয়ে তাসনিম সিনহা।

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামের সন্তান মিজানুর রহমান সিনহা ছিলেন সাবেক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি-এর আহ্বায়ক।

১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি শিল্প ও ব্যবসায়িক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন মহল তাঁকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সফল উদ্যোক্তা ও মানবিক সমাজসেবক হিসেবে স্মরণ করছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।