লবণের দাম বৃদ্ধিতে চট্টগ্রামের ৪ লাখ চামড়া ঝুঁকিতে


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
লবণের দাম বৃদ্ধিতে চট্টগ্রামের ৪ লাখ চামড়া ঝুঁকিতে

ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম বেড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন, কোরবানির পরপরই চামড়া নষ্ট হওয়া রোধে দ্রুত লবণ প্রয়োগ জরুরি হলেও বাজারে এবার লবণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির তথ্য অনুযায়ী, এবার প্রায় ৪ লাখ পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব চামড়া সংরক্ষণে প্রায় ৩ হাজার ৫০০ টন (৪৭ হাজার ৫০০ বস্তা) লবণের প্রয়োজন হবে।

সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, গত রমজান মাসে প্রতি ৭৪ কেজির এক বস্তা লবণের দাম ছিল প্রায় ৫৮০ টাকা। অথচ কোরবানির ঈদ সামনে রেখে সেই দাম বেড়ে ৮০০ টাকায় দাঁড়িয়েছে। এতে শুধু লবণ কেনাতেই আড়তদারদের অতিরিক্ত প্রায় ৪ কোটি টাকা ব্যয় বাড়বে বলে তিনি জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় মাঠপর্যায়ের আড়তদাররা বড় ধরনের লোকসানের ঝুঁকিতে পড়েন। তারা এ পরিস্থিতিকে সিন্ডিকেটের প্রভাব হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবার চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আড়তদাররা বলছেন, এই সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করা জরুরি।

তাদের দাবি, গত বছর সরকারি লবণ মূলত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হলেও পেশাদার আড়তদাররা তা পাননি। অথচ দেশের প্রায় ৮০ শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করেন তারাই। তাই এবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আড়তদারদের মধ্যেও সরকারি লবণ বিতরণের দাবি জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা মনে করেন, সঠিকভাবে লবণ বিতরণ এবং বাজারে কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে কোরবানির চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে এবং চামড়া খাতের ক্ষতি কমানো যাবে।

এদিকে আসন্ন ঈদ উপলক্ষে চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে আড়তদারদের মতে, লবণের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে না এলে নির্ধারিত দরের সুফল পাওয়া কঠিন হবে।