
আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। বাজেটের পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের বিষয়টিও উঠে আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে ৭ জুন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন।
সূত্র আরও জানায়, বাজেট বক্তৃতার সময়ই নতুন পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে একটি দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, বড় অঙ্কের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মূল বেতন আংশিকভাবে বাড়ানোর চিন্তা রয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা সমন্বয় করে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে বলে জানা গেছে।সংশ্লিষ্টরা জানান, নবম পে-স্কেলের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনার উপকৃত হবেন। দীর্ঘদিনের বেতন কাঠামো সংস্কারের দাবি পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে বাস্তবায়নের সময়সূচি ও চূড়ান্ত কাঠামো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আপনার মতামত লিখুন :