মুকসুদপুরে ৬০ মৎস্যজীবীর হাতে বকনা বাছুর, বিকল্প আয়ের নতুন সুযোগ


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
মুকসুদপুরে ৬০ মৎস্যজীবীর হাতে বকনা বাছুর, বিকল্প আয়ের নতুন সুযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাে প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নদী ও জলাশয়নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি ও কৃষিঋণ মওকুফ সাধারণ মানুষের উপকারে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান। তিনি বলেন, বিকল্প কর্মসংস্থানভিত্তিক এ ধরনের প্রকল্প মৎস্যজীবীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। তিনি জানান, স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ স্থানীয় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৬০ জন উপকারভোগীর হাতে বকনা বাছুর তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ দেখা যায়।