কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীদের ছাড়াতে এসে এবার তদবিরকারী নিজেই মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে একই থানায় মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মী আটক হওয়ার ঘটনাও ঘটেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। আটকরা হলেন আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেনের ছেলে শাকিল (১৮)।
পরে তাদেরকে পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর তাদের ছাড়ানোর জন্য তদবির করতে যান একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫)। তবে পুলিশের দাবি, তদবির করতে আসা আহসানকেও তল্লাশি করা হলে তার কাছ থেকেও গাঁজা উদ্ধার করা হয়। ফলে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমলা বাজার থেকে গাঁজাসহ দুইজনকে আটক করার পর ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে তাদের ছাড়ানোর জন্য সুপারিশ করতে এলে আহসানকে সন্দেহ হলে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকেও মাদক পাওয়া যায়। বর্তমানে তিনজনই থানার হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, আটক আহসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ৯ মে রাতে একই থানায় রবিউল ইসলাম (৩৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করার পর তাকে ছাড়াতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী পুলিশের হাতে আটক হন। পরে অবশ্য তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরপর এ ধরনের ঘটনায় মিরপুর এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান ও পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয়দের মতে, এমন অভিযান আরও জোরদার করা হলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে।
আপনার মতামত লিখুন :