বিশ্বকাপ নিয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসছে ফিফা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
বিশ্বকাপ নিয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসছে ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি ইরানের অংশগ্রহণ নিয়ে। যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার ও প্রতিনিধিদল সংক্রান্ত জটিলতা নিরসনে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম। বৈঠকে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশ্বাস দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

তবে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই দলটির অংশগ্রহণ ঘিরে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে চলতি মাসের শুরুতে, যখন কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে প্রবেশের অনুমতি পাননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তার প্রবেশে বাধা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দল ও প্রতিনিধিদলের প্রবেশ নিশ্চিত করা ফিফার দায়িত্ব। তিনি বলেন, “ইরান মাঠের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। খেলোয়াড়, কোচিং স্টাফ বা কর্মকর্তাদের প্রবেশে বাধা বিশ্বকাপের চেতনার পরিপন্থী হবে।”

ফিফাও জানিয়েছে, অংশগ্রহণকারী সব দল যেন নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা।

ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ করলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন, ম্যাচগুলো পূর্বনির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। তবে তিনি একাধিকবার বলেছেন, ইরান বিশ্বকাপে খেলবে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বলেছেন, দুই দেশের রাজনৈতিক উত্তেজনা থাকলেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণে তার আপত্তি নেই।

জানা গেছে, আগামী সোমবার তেহরান ছেড়ে তুরস্কে অনুশীলন ক্যাম্প শুরু করবে ইরান দল। এরপর জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে তাদের। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান।

এখন দেখার বিষয়, ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে এবং শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারে কি না ইরান।