বিএনপি সরকার জনগণের অর্জিত সরকার- এমপি খোকন তালুকদার


মাদারীপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
বিএনপি সরকার জনগণের অর্জিত সরকার- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং এটি জনগণের অর্জিত সরকার। তিনি বলেন, “৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়। রাজনীতির ধরণ আমাদের পরিবর্তন করতে হবে।”

শনিবার (১৬ মে) দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনি জোর করে দখল করবেন, গায়ের জোর দেখাবেন, আর সাধারণ মানুষ সেটা মেনে নেবে—এই সমাজ এখন আর সেই সমাজ নেই।” জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

সভায় রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা শামীম মোল্লা, সাবেক ছাত্রদল সভাপতি মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ফকিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।