বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের এবং প্রতিশ্রুতি পালনের: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের এবং প্রতিশ্রুতি পালনের: প্রধানমন্ত্রী

“আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, তা বাস্তবায়ন করবো—এতে মানুষ উপকৃত হবে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, প্রতিশ্রুতি পালনের রাজনীতি”—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রাম থেকে শহর—সব জায়গার মানুষ উপকৃত হবে। সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান দাবি করেন, দেশের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে নেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “প্রথম পর্বের আন্দোলন সফল হয়েছে, এখন দ্বিতীয় পর্বে দেশকে পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, গত সময়কালে দেশে অর্থপাচার ও প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। তার ভাষায়, চিকিৎসা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের ঘটনা ঘটেছে। বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থনই তাদের রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণ যতদিন সমর্থন দেবে, ততদিন তারা দেশের জন্য কাজ করে যাবে বলেও তিনি অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, কিছু মহল সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, উন্নয়নমূলক প্রকল্প যেন কোনো বাধার মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।