ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি নবায়নের মধ্য দিয়েই প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি নবায়নের ক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে। তবে সব কিছুই হতে হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। তিনি আরও জানান, পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশের পানিসমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে এবং কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশের পানি ও পরিবেশগত সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পানি ও পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িকতার উত্থানও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন। তবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা কারও সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলেও আবদ্ধ থাকব না।”

ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।