দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা: প্রধানমন্ত্রী

“দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা”—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ থেকে আমাদের মূল কাজ হবে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন, এটিই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই—দেশ গঠন। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।” তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।

খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন উদ্যোগ শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় এখন পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, “আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা।”

তারেক রহমান আরও বলেন, কোরআনের শিক্ষা অনুযায়ী, যে জাতি নিজেদের সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন। তিনি খাল খননের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষকের পানি ব্যবস্থাপনায় খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে, সবাই একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব।

তিনি দাবি করেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতার উৎস। “আপনারা আমাদের সঙ্গে থাকলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে,” বলেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্লোগান দেন—“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এবং সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানায়।

এর আগে তিনি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির ফলক উন্মোচন করেন, কোদাল দিয়ে প্রতীকীভাবে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।