
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত শুক্রবার (১৫ মে) সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা। বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :