
রাজশাহীর দুর্গাপুর উপজেলাে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর চার বছরের শিশু হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার হাটকানপাড়া বাজার সংলগ্ন কানপাড়া গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল হুমায়রা। কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়। পুকুর, বাগান ও আশপাশের ঝোপঝাড়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হয়। অভিযানে ডুবুরি দলও অংশ নেয় বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের মধ্যে শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে খুঁজে পেতে তারা সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালিয়েছেন। এমনকি সন্ধানদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছিল বলে তারা জানান।
দুর্গাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিখোঁজ নাকি অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের বিষয়টিও যাচাই-বাছাই চলছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনার পর হাটকানপাড়া বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :