তিন দশকে ১৮ লটারি জয়, জানালেন রহস্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
তিন দশকে ১৮ লটারি জয়, জানালেন রহস্য

টানা তিন দশকে ১৮ বার লটারি জেতা—শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট বেভান। দীর্ঘদিন ধরে একের পর এক লটারি জয়ের পর বিশ্বজুড়ে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অবশেষে নিজের এই অসাধারণ সৌভাগ্যের পেছনের গল্প নিজেই প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তার এই চমকপ্রদ জীবনের গল্প উঠে আসে।

সর্বশেষ তিনি ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ নামের একটি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জিতে আবারও আলোচনায় আসেন। আইডাহো লটারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া তার লটারি জয়ের যাত্রায় তিনি ইতোমধ্যে মোট ১৮ বার পুরস্কার জিতেছেন।

সেই প্রথম বছরেই একটি প্রচারণামূলক লটারিতে অংশ নিয়ে তিনি একটি ‘শেভ্রোলেট ব্লেজার’ গাড়ি জিতে নেন। এরপর থেকে ছোট-বড় নানা পুরস্কার—নগদ অর্থ থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ ডলার পর্যন্ত—বারবার তার ঝুলিতে আসে।

তবে এতবার লটারি জয়ের রহস্য জানতে চাইলে বেভানের উত্তর চমকে দিয়েছে অনেককেই। তিনি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য লটারির টাকা নয়, বরং তার দাম্পত্য জীবন।

হাসিমুখে তিনি বলেন, “আমার আসল সৌভাগ্য হলো একই অসাধারণ নারীর সঙ্গে ৪০ বছর কাটানো।” তার মতে, লটারি তার কাছে শুধুই অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং স্ত্রীকে সঙ্গে নিয়ে টিকিট কেনা এবং ফলাফল দেখার আনন্দময় অভিজ্ঞতা ছিল একটি পারিবারিক অভ্যাস ও ভালোবাসার অংশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেভানের এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেক নেটিজেনের মতে, বারবার লটারি জয়ের চেয়েও দীর্ঘ দাম্পত্য জীবনের এই ভালোবাসা ও একনিষ্ঠতাই প্রকৃত অনুপ্রেরণার গল্প। আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের টিকিট বিক্রির অর্থ আইডাহো অঙ্গরাজ্যের সরকারি বিদ্যালয় ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়।