তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত অ্যাডহক কমিটি নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত ১১ সদস্যের এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন কর্মকর্তাসহ মোট ১২ জন যৌথভাবে এ রিট দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত কয়েকটি নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট

এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। নতুন কমিটির সভাপতি করা হয় দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তবে কমিটি গঠনের পর থেকেই ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

রিট আবেদনকারীদের দাবি, নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে এ ধরনের অ্যাডহক কমিটি গঠন আইনসম্মত নয়। যদিও এর আগে বিসিবির নির্বাচিত কমিটি বাতিল এবং নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা চেয়ে করা আরেকটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।

তবে নতুন করে দায়ের করা এই রিটের মাধ্যমে বিষয়টি আবারও আদালতের নজরে এলো। ফলে বিসিবির প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।