জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার প্রভাবশালী দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সমর্থনের কথা জানানো হয়। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম বাংলাদেশের প্রতি ব্রাজিলের অবস্থান তুলে ধরেন।

আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ ইউরোপের দেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতোমধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় জোরদারে একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন সেলসো আমোরিম। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক বোঝাপড়া ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, বিশ্ব যখন যুদ্ধ, বৈষম্য ও জলবায়ু সংকটের মুখোমুখি, তখন জাতিসংঘকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাণিজ্য আরও বাড়াতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, তৈরি পোশাক, ওষুধ এবং পাটজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে “সমতা, মর্যাদা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততা”-এর ভিত্তিতে। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতেও আগ্রহী।

এদিকে ব্রিকসের সদস্যপদ পাওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করা হলে সেলসো আমোরিম জানান, তিনি বিষয়টি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি শাখা স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।