চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানকে কড়া বার্তা ট্রাম্পের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানকে কড়া বার্তা ট্রাম্পের

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কড়া অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা তিনি দেখতে চান না এবং এমন কোনো পদক্ষেপ বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে।

বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর শুক্রবার (১৫ মে) দেশে ফেরার পথে এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তিনি চান চীন ও তাইওয়ানের মধ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক। একই সঙ্গে তিনি জানান, শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যু নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

তবে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কি না—এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে চীন আবারও দাবি করেছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সঠিকভাবে সমাধান না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাইওয়ানকে নিয়মিতভাবে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।