চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার সকালে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চাঁদপুর সফর হওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশে যাত্রারত রয়েছেন। সফরকালে পথে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে বরুড়া ও চাঁদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চাঁদপুর সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনও সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর তার এ সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।