
দেশের অর্থনীতি শক্তিশালী ও টেকসই করতে কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলেও অনেক সময় তারা উৎপাদিত ফসলের সঠিক মূল্য থেকে বঞ্চিত হন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা জরুরি।
গত শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুম-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এই সংসদ সদস্য বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি আরও আন্তরিক হতে হবে।” তিনি ফসলি জমি রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, কৃষকদের ঘরে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও সমাজের সব শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডা. মো. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও স্থানীয় নেতা মোহাম্মদ ইসহাক, মাস্টার এনামুল হক, তারেক হোসাইন এবং দিদারুল ইসলাম।
এ সময় কৃষক ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুল রহমান সিকদার।
সম্মেলনের শেষে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
আপনার মতামত লিখুন :