আজ শুরু হচ্ছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
আজ শুরু হচ্ছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ শনিবার (১৬ মে) শুরু হয়েছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২৩, ২৪ ও ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পর্যায়ক্রমে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা কোনো টিকিট ফেরত দেওয়া যাবে না। এজন্য যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সতর্কতার সঙ্গে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এতে শেষ মুহূর্তের যাত্রীরাও ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ট্রেনের টিকিট পেতে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। দ্রুত ও নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই আগেভাগেই টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি ও যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।