অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরার নতুন পুলিশ সুপারের


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরার নতুন পুলিশ সুপারের

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই। অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়িত থাকলেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সমাজে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সক্রিয় থাকবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সুন্দরবন এলাকায় বনদস্যুদের তৎপরতা দমনেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ-পাবলিক-প্রেসের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, বিশেষ শাখার পরিদর্শক এসএম আব্দুল আলীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।