সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২


আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম। প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলোচিত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হত্যাসহ দুটি মামলার পলাতক আসামি এবং অন্যজন দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার (১৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ হেলাল উদ্দিন (২৮):

হেলাল উদ্দিন উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা উত্তর পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। পুলিশ জানায়, হেলাল গত ৯ মার্চ ২০২৫ তারিখে দায়েরকৃত একটি আলোচিত হত্যা মামলার (জিআর নং-৩৬/২০২৫) এজাহারনামীয় প্রধান আসামিদের একজন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ নভেম্বর দায়েরকৃত আরও একটি মারামারি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নাইম উদ্দিন উপজেলার উত্তর ঢেমশা বিল্যাপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি সিআর ২/২৩ (চকবাজার থানা) প্রতারণা মামলার (ধারা ৪২০) সাজাপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। পলাতক এই আসামিকে ঢাকা থেকে আসা তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রেফতারকৃত হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বিশেষ করে অবৈধভাবে পাহাড় কাটা এবং ফসলি জমির মাটিকাটার সিন্ডিকেটের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এই অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।