
মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ এলাকার সীমান্তবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এবং শিবচর থানা পুলিশের একটি টিম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বহেরাতলা ইউনিয়নের শেষ প্রান্তে শিরুয়াইল ইউনিয়নের পূর্বকাকৈর বাটের চর এলাকায় কালাম মাদবরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান চলাকালে কালাম মাদবরের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কালাম মাদবর পালিয়ে যায়। স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে তিনি ‘ইয়াবা কালাম’ নামে পরিচিত বলে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সরাব উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কালাম মাদবরের স্ত্রী সালমা ও ছেলে সাকিব আল হাসানকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
আপনার মতামত লিখুন :