রূপগঞ্জে বাড়ির দরজা কেটে দুর্ধর্ষ চুরি, তদন্তে পুলিশ


শান্তমিয়া, রূপগঞ্জ, নারায়ণঞ্জ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
রূপগঞ্জে বাড়ির দরজা কেটে দুর্ধর্ষ চুরি, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র লোহার দরজা কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ২৬ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতের কোনো এক সময় মো. নুরুজ্জামানের বাড়িতে। ভুক্তভোগী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। যাওয়ার আগে তিনি মেইন গেটসহ ঘরের সব দরজা-জানালা তালাবদ্ধ করে যান।

শুক্রবার সকালে তার নানী সাজিমুন বেগম ও খালা সালেহা বেগম বাড়িতে এসে ঘরের দরজা কাটা দেখতে পান। পরে তারা বিষয়টি নুরুজ্জামানকে জানালে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ও তছনছ অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, চোরচক্র দুটি স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ২২ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এসব স্বর্ণালংকার তার মা ও স্ত্রীর বলে জানান তিনি। এছাড়া ঘরের শোকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম এইচ সালাউদ্দিন বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। পাশাপাশি লুট হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন সংঘবদ্ধ চুরির ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।