ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ


মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম ) প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারতের আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি হত্যা, সংখ্যালঘু ও মুসলিম নির্যাতন বন্ধ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বাদ আছর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি একটি সমাবেশে গিয়ে শেষ হয়। এতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে তারা সীমান্ত হত্যা বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা নুরুল হক সুজিশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব বোরহান উদ্দিন আল রাজী। প্রধান বক্তা ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নুরুল আমীন, মাওলানা মোজাম্মেল, মাওলানা নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অভিযোগ করে বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এ সময় বক্তারা সংখ্যালঘু ও মুসলিম নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিও উদ্বেগ প্রকাশ করেন। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এসব ঘটনায় কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ থেকে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সরকারকে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার আদায়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।