প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন: এমপি খোকন


মাদারীপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন এবং ধ্বংসের পথে থাকা শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিচ্ছেন।

শুক্রবার সকালে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের “প্রাণ” এবং তাকে নিয়ে প্রতিপক্ষরা অহেতুক সমালোচনার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা মানে দেশকে বিতর্কিত করা এবং দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া—এমন মন্তব্যও করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহাবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় স্থানীয় নেতারা দলীয় কার্যক্রম জোরদার, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।