
সাতক্ষীরায় বাহরাইন প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক তনিমা মণ্ডল এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়োগাছা গ্রামের আব্দুর রশিদ চৌকিদারের ছেলে আরিফুল ইসলাম (৩৪), শফিকুল ইসলাম (৩৭), আকবর হোসেন (৪৭), রফিকুল ইসলাম (৩৬) এবং আকবর হোসেনের ছেলে মিলন হোসেন (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ১৮ জানুয়ারি গভীর রাতে প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আরিফুল, শফিকুল, আকবর, রফিকুল ও মিলনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালায়। এসময় নগদ এক লাখ টাকা এবং প্রায় চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় বাড়িতে থাকা প্রবাসীর মেয়ে ও শাশুড়িকে ভয়ভীতি দেখানো হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ওই সময় প্রবাসীর স্ত্রী হালিমা খাতুন খুলনা থেকে থানার ওসিকে ফোন করলেও তিনি ঘটনাস্থলে যেতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি। পরে ৯৯৯-এ ফোন দিলে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) রাজিব হাসান ও থানার ওসি জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাদীপক্ষের অভিযোগ, ঘটনার রাতে থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নিতে গড়িমসি করা হয় এবং ঘুষ দাবি করা হয়। পরে উপায়ান্তর না পেয়ে গত ২৮ জানুয়ারি সাতক্ষীরার দ্রুত বিচার আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আদালতের নির্দেশে সাতক্ষীরা জেলা সিআইডির উপ-পরিদর্শক জিল্লুর রহমান তদন্ত শেষে গত ৫ এপ্রিল আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে মামলাটি তুলে নিতে প্রবাসী শাহিনুর রহমান ও তার শ্যালক ফারুক হোসেনকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :