আজ থেকে ভাঙা শুরু হিমসাগর আম, সাতক্ষীরায় জমে উঠেছে আমের বাজার


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আজ থেকে ভাঙা শুরু হিমসাগর আম, সাতক্ষীরায় জমে উঠেছে আমের বাজার

সাতক্ষীরায় শুরু হয়েছে জনপ্রিয় হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাতকরণ। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ শুক্রবার (১৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে হিমসাগর আম নামাতে শুরু করেছেন চাষীরা।

সাতক্ষীরা সদর উপজেলার বালিথা এলাকার আমচাষি রোকন ইসলাম জানান, তার বাগান থেকে শুক্রবার প্রায় চার টন হিমসাগর আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনি বলেন, বায়ারদের কাছে প্রতি মণ আম তিন হাজার টাকা দরে বিক্রি করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, বর্তমানে হিমসাগর আম পুরোপুরি পরিপক্ব হওয়ায় চাষীদের বাজারজাতের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বিক্রি শুরু করা যাবে। চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় একশ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, শহরের সুলতানপুর বাজারে ঘুরে দেখা গেছে, আকার ও মানভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।