সাতক্ষীরা দেবহাটার ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা


মোঃরমজান আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা দেবহাটার ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং অননুমোদিত ওষুধ মজুদের মতো অভিযোগে তদারকি করা হয়।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ধারা লঙ্ঘনের দায়ে শিলা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং সখিপুর আহছানিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাশারাদ হোসেন, এএসআই ইব্রাহিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে ওষুধের সঠিক মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই জনস্বার্থে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।