যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার যানজট নিরসনে বর্তমান সরকারের দ্বিতীয় পর্যায়ের বিশেষ সভা হিসেবে এটি আয়োজন করা হয়। সভায় রাজধানীর চলমান যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন আব্দুস সালাম এবং শফিকুল ইসলাম খান মিল্টন

সভায় আরও উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস। বৈঠকে ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা উন্নত করতে রেল ও নৌপথের সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কঠোর আইন প্রয়োগের বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থার সংস্কারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমে যানজট কমিয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।